...|...|...

রাজধানী

মিল্টনের কার্যালয়ে হামলা করল কারা, জানালেন কর্মকর্তা

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১:২১
Shares
মিল্টনের কার্যালয়ে হামলা করল কারা, জানালেন কর্মকর্তা

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠি, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়। এতে দুজন আহত হয়েছেন। 

সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর কারণে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন কার্যালয়ের কর্মকর্তারা। তাদের দাবি, হামলাকারীদের মূল লক্ষ্য ছিলেন শফিকুল ইসলাম খান মিল্টন।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার পর মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ভবনের সামনে এসে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর শুরু করেন। এতে ভবনের সামনের কাচের দেয়াল ভেঙে যায়। পাশাপাশি লিফটের চারপাশের ঘেরাওয়ের অংশও ক্ষতিগ্রস্ত হয়।

কার্যালয়ের কর্মকর্তাদের দাবি, হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও কাচের দরজার কারণে তা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কার্যালয়ে অবস্থানরত ব্যক্তিরা সেখান থেকে সরে যান। পরে ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান করছেন।

শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দফতর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী বলেন, সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে পরিচালিত উচ্ছেদ অভিযান হামলার একটি কারণ হতে পারে। গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে তারা সতর্ক ছিলেন।

তিনি জানান, এ কারণে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। ঘটনার সময় তারাও ওই ভবনে ছিলেন।

মামুন পাটোয়ারীর ভাষ্য, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০ থেকে ২৫ জন পুরুষ এবং শতাধিক নারী সেখানে এসে হামলা চালান। তারা ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে অবস্থানরত ব্যক্তিদের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা সেখান থেকে সরে যান।

হামলার বিষয়ে পুলিশকে জানানো হলেও ভাঙচুর ও হামলার অধিকাংশ ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ করেন তিনি।

মামুন পাটোয়ারীর দাবি, হামলাটি মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করেই চালানো হয়েছে। কারণ, ভবনের আশপাশের অন্যান্য স্থাপনার তুলনায় তার ব্যক্তিগত কার্যালয়েই বেশি ভাঙচুর করা হয়েছে। এমনকি ভবনে থাকা মিল্টনের ছবিগুলোও ভাঙচুর করেছেন হামলাকারীরা।

এদিকে, ঘটনার পর ভবনটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।