ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এতে মিরপুর-১১, মিরপুর-১২ ও পল্লবী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের কারণে এসব এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে।
উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং কর্মক্ষেত্রে হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা।
শ্রমিকদের আন্দোলন ঘিরে বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, কারখানায় উৎপাদন বন্ধ এবং পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। তবে বোর্ড গঠনের পরও বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।

