...|...|...

রাজধানী

ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা-ভাঙচুর

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০৪
Shares
ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা-ভাঙচুর

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত তার কার্যালয়ে এ হামলা চালানো হয়। এতে দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল ৮টার পর ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠিসোঁটা, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ভবনটিতে হামলা চালায়। হামলাকারীরা অতর্কিতে ভবনের সামনে এসে ভাঙচুর শুরু করেন।

সরেজমিনে দেখা যায়, হামলায় ভবনের সামনের কাচের দেয়াল এবং লিফটের চারপাশের ঘেরাও অংশ ভেঙে ফেলা হয়েছে। হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও কাচের দরজা বন্ধ থাকায় ঢুকতে পারেননি বলে দাবি করেছেন কার্যালয়ের কর্মকর্তারা। ঘটনার পর ভবনটির প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। সেখানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।

শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দফতর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য হামলার বিষয়ে গত এক সপ্তাহ ধরে তারা সতর্ক ছিলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান করছিলেন।

ঘটনার বর্ণনা দিয়ে মামুন পাটোয়ারী বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০ থেকে ২৫ জন পুরুষ এবং শতাধিক নারী ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা লোকজনের ওপর হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা সরে যেতে বাধ্য হন। পুলিশকে খবর দেওয়া হলেও অধিকাংশ ভাঙচুরের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ করেন তিনি।

মামুন পাটোয়ারী আরও দাবি করেন, শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। আশপাশের অন্যান্য স্থাপনার তুলনায় তাদের কার্যালয়ে বেশি ভাঙচুর করা হয়েছে। এমনকি ভবনে থাকা মিল্টনের ছবিও ভেঙে ফেলা হয়েছে। সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে পরিচালিত উচ্ছেদ অভিযানের জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।