রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৫৬৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭১ জন নেতাকর্মী রয়েছেন। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৬৪টি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ দলের তৎপরতা ও নাশকতা মোকাবিলায় কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ সদর দফতর। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের কথাও জানানো হয়েছে।
গত কয়েক দিন ধরে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে মিরপুর, মহাখালী ও বাড্ডা লিংক রোড এলাকায় তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এসব নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করছে পুলিশ।
এদিকে বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করেছে এসআরবি।
রাজধানীজুড়ে সাম্প্রতিক নাশকতার ঘটনায় তার কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখার কথা জানিয়েছে ডিএমপি।


