রাজধানীতে যানবাহনে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন ও বিকন লাইট সংযোজন এবং ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর থেকে এসব অবৈধ সরঞ্জাম ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হবে। এর আগেই যানবাহন থেকে এসব হর্ন ও লাইট সরিয়ে নিতে মালিক ও চালকদের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন যানবাহনে অননুমোদিতভাবে হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। এর ফলে তীব্র শব্দদূষণ ও জনদুর্ভোগ বাড়ার পাশাপাশি সড়কে স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটছে। এ ছাড়া অতিরিক্ত শব্দের কারণে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
পুলিশ জানিয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা মহানগরীতে এসব অনুমোদনহীন সরঞ্জাম সংযোজন বা ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হবে। নির্ধারিত সময়ের পর কোনো গাড়িতে এসব সরঞ্জাম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সড়কে শৃঙ্খলা ফেরানো ও শব্দদূষণ নিয়ন্ত্রণে নাগরিক, যানবাহনের মালিক এবং চালকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

