...|...|...

জাতীয়

বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০২
Shares
বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিক সফরসূচি প্রকাশের পর তাকে বরণ করতে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরের সার্বিক প্রস্তুতি ও নির্ধারিত কর্মসূচির স্থান কালেক্টরেট মাঠ আজ মঙ্গলবার বিকেলে পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির প্রধান সমন্বয়ক এবং জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন। সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর তিনি ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।

পরে সকাল ১১টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং স্থানীয় উপকারভোগীদের সাথে মতবিনিময় করবেন। দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে বেলা আড়াইটায় কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে বিকেল সোয়া ৪টায় হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

কালেক্টরেট মাঠ পরিদর্শন শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে এ জেলার মানুষ নানা দিক থেকে উন্নয়ন বঞ্চিত ছিল। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলার সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উৎসবের আমেজ বিরাজ করছে এবং সর্বস্তরের মানুষ তাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

লালমনিরহাটবাসীর দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও প্রত্যাশা পর্যায়ক্রমে পূরণে সরকার কার্যকর উদ্যোগ নেবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।