...|...|...

জাতীয়

এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলার অভিযোগ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০৭
Shares
এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলার অভিযোগ

ছবি: সংগৃহীত

গত এক সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ ব্যাংকের ২২টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে এই হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে।

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামিদ গণমাধ্যমকে জানান, গোপালগঞ্জের দুটি এবং সিলেটের একটি শাখা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অফিস কক্ষে ভাঙচুর চালিয়ে আসবাব ও গুরুত্বপূর্ণ নথিপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এছাড়া অন্যান্য শাখায় গভীর রাতে হামলা চালানো হয়েছে। কোথাও ফটক ও সিঁড়িতে আগুন দেওয়া হয়েছে, আবার কোথাও ইটপাটকেল ছুড়ে জানালার কাচ ভাঙা হয়েছে।

এই হামলার পেছনে একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থকেরা জড়িত থাকতে পারেন বলে ধারণা করছেন সরদার আখতার হামিদ। তিনি বলেন, বিভিন্ন ভিডিও ফুটেজে একটি বিশেষ দলের স্লোগান দিয়ে আগুন দিতে দেখা গেছে এবং হামলাকারীরা নিজেরাই সেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

হামলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে গ্রামীণ ব্যাংককে জড়িয়ে একটি ভুল ধারণা ছড়ানো হচ্ছে। অনেকেই মনে করছেন, গ্রামীণ ব্যাংকের মালিক অধ্যাপক ইউনূস এবং ব্যাংকে হামলা হলে তার ওপর হামলা হয়। এটি সম্পূর্ণ ভুল ধারণা।

ব্যাংক কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেছে, গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা নির্দিষ্ট গোষ্ঠীর মালিকানাধীন প্রতিষ্ঠান নয়। ১৯৮৩ সালের অধ্যাদেশে প্রতিষ্ঠিত এই ব্যাংকটি বর্তমানে 'গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩' ও এর সংশোধনী অনুযায়ী পরিচালিত হচ্ছে।

সরদার আখতার হামিদ জানান, অধ্যাপক ইউনূস প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হলেও এর মূল মালিক দরিদ্র নারীরা। ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। ভিত্তিহীন অভিযোগ তুলে কেন এই হামলা চালানো হচ্ছে, তা বোধগম্য নয় বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ১৯৮৩ সালে যাত্রা শুরু করা গ্রামীণ ব্যাংকের বর্তমানে সারা দেশে ২ হাজার ৫২৮টি শাখা রয়েছে। হামলার ঘটনায় ইতিমধ্যে গোপালগঞ্জে একটি মামলা এবং দেশের বিভিন্ন থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।