...|...|...

সারাদেশ

জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২৩
Shares
জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন

গ্রামীণ ব্যাংক পাবনার দোগাছি শাখায় আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

জয় বাংলা স্লোগান দিয়ে পাবনায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১২টার দিকে সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান। তিনি বলেন, গেল রাত ১২টা ৫০ মিনিটে দুর্বৃত্তরা সংস্থার শাখা অফিসের সাইনবোর্ডে আগুল জ্বালিয়ে দেয়। পরে অফিসের থাই গ্লাসগুলো ভেঙে ফেলে। যাওয়ার সময়ে অফিসের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। 

স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা জয় বাংলা স্লোগানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে চলে যায়। এ সময় ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকারে বাসার মালিক, অফিসের স্টাফসহ স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

আসাদুজ্জামান বলেন, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি। তবে পুলিশে অভিযোগের প্রস্তুতি চলছে।

পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে টিম গিয়ে তথ্য সংগ্রহ করেছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।