মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে তিনটি বাড়ির সামনে থেকে তিনটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে প্রত্যেকের বাড়ির গেটের সামনে থেকে ককটেল সাদৃশ্য বস্তু গুলো উদ্ধার করা হয়। ককটেল সাদৃশ্য বস্তুগুলো জয় বাংলা হাতে লেখা সাদা কাগজে মোড়ানো অবস্থায় ছিল।
বুড়িপোতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হওয়ার সময় তার বাড়ির গেটে লাল টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পান। তাতে হাতে লেখা জয় বাংলা একটি কাগজ মোড়ানো ছিল।
পরে স্থানীয় লোকজন জড়ো হলে জানতে পারেন একই ধরনের বস্তু বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর গ্রামের চার নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল হক খোকন ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বাড়ির সামনেও একই ধরনের বস্তু রেখে গেছে কে বা কারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল সদৃশ্য বস্তু গুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ঐ তিন পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
মেহেরপুর সদর থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে পুলিশ ককটেল সদৃশ্য বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত সনাক্ত করা ও আটক করার চেষ্টা করা হচ্ছে।


