লালমনিরহাটের আদিতমারীতে ড্রাম ট্রাকের চাপায় পিপলু মিয়া নামে এক সাবেক সেনাসদস্য ও জামায়াত নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আমিনুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তিনিও বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাদাই ইউনিয়ন শাখার সভাপতি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে আদিতমারী উপজেলা সদরের মমিনের গ্যারেজ এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিপলু মিয়া উপজেলার কসালতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে। তিনি ভাদাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় পেছন থেকে একটি ড্রাম ট্রাক ধাক্কা দিলে পিপলু মিয়া ও আমিনুল ইসলাম সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই পিপলু মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত হন আমিনুল ইসলাম।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত আমিনুল ইসলামকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নিহতের লাশও ওই হাসপাতালে রাখা হয়েছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ড্রাম ট্রাকটি চালক ও তার সহযোগীসহ আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


