যশোরের শার্শায় খড়ের গাদার ভেতরে লুকিয়ে রাখা ৫৯৬ বোতল অবৈধ উইনকেরেক্স সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে উপজেলার শ্রীকোনা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এসআরবি-৬-এর সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল।
এসআরবি সূত্রে জানা যায়, শ্রীকোনা গ্রামের চতুর আলীর মহেষভাঙ্গা খালের পাশে একটি খড়ের গাদার মধ্যে মাদকদ্রব্য মজুত করে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে খড়ের গাদার ভেতর তল্লাশি করে ৫৯৬ বোতল উইনকেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন শ্রীকোনা গ্রামের আব্দুল বারীর ছেলে মো. জাকির হোসেন (৩২) এবং একই গ্রামের শহিদ আলীর ছেলে মো. মহিনুর ইসলাম (৩৩)।
অভিযানে উদ্ধার করা সিরাপ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি কর্তৃপক্ষ।


