...|...|...

সারাদেশ

ছোট ভাইয়ের লাশ দেখে বড় ভাইয়ের মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, রাত ১০:০৮
Shares
ছোট ভাইয়ের লাশ দেখে বড় ভাইয়ের মৃত্যু

ছবি: সংগৃহীত

ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে শোক সামলাতে পারেননি বড় ভাই। বাড়িতে ছোট ভাইয়ের লাশ দেখে আহাজারি করতে করতে জ্ঞান হারান তিনি। এরপর আর জ্ঞান ফেরেনি। দুই ঘণ্টা পর মারা যান তিনিও। এভাবে একই দিনে পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবকলস এলাকায়।

গতকাল সোমবার (৯ নভেম্বর) উপজেলার নবকলস এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই ভাই হলেন হাসেম খান (৬০) ও হাসান খান (৫৫)। 

স্বজনেরা জানান, ছোট ভাই হাসান খান হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় ভাড়া বাসায় অসুস্থ হয়ে মারা যান তিনি। পরে বেলা একটার দিকে তার লাশ নবকলসের পৈতৃক বাড়িতে নিয়ে আসা হয়। ছোট ভাইয়ের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন বড় ভাই হাসেম খান। একপর্যায়ে জ্ঞান হারান তিনি। এরপর আর জ্ঞান ফেরেনি। বেলা তিনটার দিকে তার মৃত্যু হয়।

পরে রাত আটটার দিকে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় দুই ভাইকে। হাসানের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। অন্যদিকে হাসেমের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

হাসানের ছোট মেয়ে রিপা খান বলেন, তার বাবা আগে থেকেই অসুস্থ ছিলেন। জ্যাঠাও মারা গেলেন। এখন তারা অভিভাবকশূন্য হয়ে পড়েছেন।

একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।