রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দীর্ঘদিন ধরে চলা সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। একই সাথে সংগঠনটির সভাপতি পদ থেকে পদত্যাগ এবং কমিটি বিলুপ্তির ঘোষণাও দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে এক লিখিত বক্তব্যে এসব ঘোষণা দেন নতুন জয় চাকমা।
লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিনের অবরোধের কারণে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে যোগাযোগব্যবস্থা। খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহেও সংকট দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
নতুন জয় চাকমার অভিযোগ, ইউপিডিএফের উসকানি ও প্ররোচনায় সাজেকে অবরোধ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এ কর্মসূচিতে অংশ নিতে সাধারণ মানুষকে চাপ দেওয়া হচ্ছে এবং ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, সাজেক কার্বারী সমিতি ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি গঠনের পেছনেও ইউপিডিএফের ভূমিকা রয়েছে। একজন কার্বারী হিসেবে এলাকার মানুষের স্বার্থ রক্ষা করতে না পারায় নিরাপত্তার কারণে তাকে এলাকা ছাড়তে বাধ্য হতে হয়েছে বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করেন তিনি।
এ পরিস্থিতিতে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি পদ থেকে পদত্যাগ, সংগঠনটির কমিটি বিলুপ্ত এবং অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন নতুন জয় চাকমা।
সাজেকের মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের স্বার্থ নয়, সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থ বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তবে নতুন জয় চাকমার এ ঘোষণার পর সড়ক অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত মাঠপর্যায়ে কার্যকর হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অন্যান্য অবরোধকারীরা তার ঘোষণায় সাড়া দিয়েছেন কি না, সেটিও স্পষ্ট নয়।


