ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি থামিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বৈলর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সেখানে মিছিল করেন। এ সময় তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যস্ততম মহাসড়কে আগুন জ্বালানোর ঘটনায় আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয় এক বাসিন্দা বলেন, সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক গাড়ি থামিয়ে দেন। পরে সড়কে আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখেন তিনি। সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। ভয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, ভিডিওটি তাদের নজরে এসেছে। তাদের চেহারা শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্তে পুলিশ টিম কাজ করছে।


