গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের মুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে বেশির ভাগ তৈরি পোশাক কারখানা খুলে দেওয়া হয়। এ সময় কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা। তবে কোনাবাড়ী এলাকার রিপন নীটওয়্যার লিমিটেড এবং কাশিমপুর এলাকার মণ্ডল গ্রুপের শ্রমিকরা বিক্ষিপ্তভাবে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেন।
পরে সকাল সাড়ে ১০টার দিকে ইসলামপুর এলাকায় নর্প ইন্ডাস্ট্রিজের শ্রমিকরা ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন। এ সময় কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় গিয়ে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। পাশাপাশি আশপাশের কারখানার শ্রমিকদের তাদের সাথে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।
এ সময় আশপাশের কারখানার শ্রমিকরা তাদের সাথে যোগ দিতে জড়ো হতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নাওজোড়, ইটাহাটা, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকার ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে বেশির ভাগ শ্রমিক বাসায় ফিরে যান।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ বলেন, সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক ছিল। কিন্তু শ্রমিক বিক্ষোভের মুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় শিল্প পুলিশ ও থানা পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন।


