শিল্পাঞ্চল আশুলিয়া ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ও শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ করছে শ্রমিকরা। তবে অসন্তোষ ও বিশৃঙ্খলা ঠেকাতে মোতায়েন করা হয়েছে বেশ কয়েক প্লাটুন বিজিবি। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকেই আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেয় শ্রমিকরা পরে দি-রোজ ,এনভয়, স্টারলিং, নেক্সট কালেকশনসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভিতরে কর্মবিরতি পালন করেন পরে কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ।
ছুটির পর শ্রমিকরা অন্যান্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করার চেষ্টা করলে পুলিশ তাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেমে থেমে শ্রমিকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে ।
এসময় নিরাপত্তার নিশ্চিত করতে আশুলিয়ার জামগড়া, সরকার মার্কেট, জিরাবো, কাঠগড়া, পুকুরপাড়, বিশমাইল এলাকার দি-রোজ ,এনভয়, স্টারলিং, নেক্সট কালেকশন, ডেকো এ্যাপারেলসসহ প্রায় ৩০টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কারখানার কতৃপক্ষ।
এদিকে, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ সদস্যসহ মোতায়েন করা হয়েছে বেশ কয়েক প্লাটুন বিজিবি। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্যদের।
এদিকে চলমান শ্রমিক অসন্তোষ কে কেন্দ্র করে নিউএইজ গ্রুপের অধিনস্থ আশুলিয়ায় অবস্থিত সকল কারখানাসমূহ ১০/১১/২০২৬ইং তারিখ হতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ধারা ১৩(১) মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কারখানাসমূহ বন্ধ ঘোষণা করেছেন কতৃপক্ষ।
শিল্প পুলিশ -১ এর অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহম্মেদ জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কয়েকটি কারখানার শ্রমিকরা ঝামেলা করেছিল। তবে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।বর্তমানে পুরোপুরি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।


