সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে বিক্ষোভরত পোশাকশ্রমিকদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বিক্ষোভের মধ্যে একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
সোমবার (২ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে রাস্তায় নেমেছেন। পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, আশুলিয়ার আর্টিস্টিক ডিজাইন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে শ্রমিকেরা হামলা চালিয়েছেন এবং সেখানে ইটপাটকেল নিক্ষেপ করছেন। এদিকে বিক্ষোভের ঘটনায় আশুলিয়ার শারমিন গ্রুপ বন্ধ ঘোষণা করা হয়েছে।
শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। নিরাপত্তার কারণে জেলার অনেক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এদিকে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া জানান, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছে। গাজীপুরের কালিয়াকৈরে টানা চতুর্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। সোমবার সকাল থেকে চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, হরিণহাটি ও সফিপুরসহ বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নেন তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে রাজধানীর মিরপুরেও শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ ঘোষণা দেন। বোর্ডের সুপারিশের ভিত্তিতে নতুন মজুরি কাঠামো ঘোষণা ও গেজেট প্রকাশ করবে সরকার।
মজুরি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে। বোর্ডের অন্য সদস্যরা হলেন-মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ ও আনোয়ার হোসাইন।
শ্রমমন্ত্রী শ্রমিকদের দাবি পূরণ হয়েছে উল্লেখ করে সড়ক ছেড়ে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে শুক্রবার শ্রমিক নেতা এবং শনিবার তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সাথে বৈঠক করেন তিনি।
সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে পোশাক খাতে ১২ হাজার ৫০০ টাকা নিম্নতম মজুরি ঘোষণা করা হয়, যা পরের মাস থেকে কার্যকর হয়। সাধারণত প্রতি পাঁচ বছর পরপর এ খাতের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ করা হয়। তবে গত ১০ এপ্রিল জাতীয় সংসদে শ্রম আইন সংশোধন বিল পাসের মাধ্যমে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়। সেই হিসাবে চলতি নভেম্বর মাসে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের কথা ছিল।


