লালমনিরহাটের কালীগঞ্জে অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব ফোনে অনলাইন জুয়া খেলার বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারের তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিনগত রাত ১টা ২০ মিনিটের দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী বটতলা রাধাগোবিন্দ মন্দিরের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পরে পৃথক অভিযানে আরও চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—উত্তর বত্রিশ হাজারী এলাকার বকুল রায় (২৩), সাগর চন্দ্র রায় (২৪), গোপাল চন্দ্র রায় (২৩), উমাপতি হরনারায়ণ এলাকার এরশাদুল হক (৪০), নাজমুল হক (২৮), খোরাগাছ এলাকার মাইদুল ইসলাম (৩৮) ও মিলন সরকার (৩৭)।
পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনে Bee999, KG999, Joya777, Crickex, TK999, Babu88, Ace67 ও Cv666-সহ অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ পাওয়া গেছে। কয়েকটি অ্যাপ ও ওয়েবসাইটে গুগল ক্রোমের মাধ্যমে লগইন করা ছিল। এ ছাড়া একাধিক সিমে বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থাকার তথ্যও পাওয়া গেছে।
কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


