...|...|...

সারাদেশ

ফরিদপুরে গভীর রাতে বাসে দুর্বৃত্তের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, সকাল ১০:০১ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, সকাল ১০:০৫
Shares
ফরিদপুরে গভীর রাতে বাসে দুর্বৃত্তের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

ছবি: সংগৃহীত

ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে অগ্নিসংযোগের ঘটনায় কালাচাঁন শেখ (৩৪) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তার মৃত্যু হয়। এ ঘটনায় বাসটিও পুড়ে গেছে।

সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁন শেখ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নুরুদ্দিন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নতুন বাসস্ট্যান্ডে একটি লোকাল বাস পার্কিং করে রাখা ছিল। এ সময় বাসের ভেতরে ঘুমাচ্ছিলেন চালক কালাচাঁন। গভীর রাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায়। আগুন ছড়িয়ে পড়ার পাশাপাশি বাসের ভেতরে ধোঁয়া জমতে থাকে। একপর্যায়ে ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে অসুস্থ হয়ে পড়েন চালক। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানান, রাত আনুমানিক ৩টার দিকে খবর পেয়ে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।

এদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম জানান, কালাচাঁন শেখকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বর্তমানে লাশ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।