কুষ্টিয়ায় নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোরকে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্ত ১৭ বছর বয়সী ওই কিশোর শহরের মজমপুর এলাকার বাসিন্দা। সে স্থানীয় একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণিতে পড়ে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত ছাত্রী কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষা চলছে। সোমবার পরীক্ষা শেষে বাড়ি ফেরার পর নিজ বাসার সামনেই হামলার শিকার হয় সে।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্কুল থেকে ফিরে বাসার সামনে এসে কলবেল চাপে ওই ছাত্রী। গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ পেছন থেকে ছুরি হাতে ছুটে আসে এক কিশোর। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে একের পর এক ছুরিকাঘাত করে সে।
এ সময় হাত দিয়ে হামলা ঠেকানোর চেষ্টা করে ছাত্রীটি। চিৎকার করতে করতে একপর্যায়ে সড়কে লুটিয়ে পড়ে সে। পরে হামলাকারী কিশোর ঘটনাস্থলে ছুরি ফেলে পালিয়ে যায়। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়।
আহত ছাত্রীর বাড়ি ফরিদপুর জেলায়। তার বাবা একটি ওষুধ কোম্পানির কুষ্টিয়া অঞ্চলের বিপণন প্রতিনিধি হিসেবে কর্মরত। চাকরির সুবাদে পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে কুষ্টিয়া শহরের থানাপাড়ার একটি ভবনের তিনতলায় বসবাস করছেন তারা।
পরিবারের অভিযোগ, অভিযুক্ত কিশোর দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। আগে একই কোচিং সেন্টারে পড়ার সুবাদে তাদের পরিচয় হয়। এরপর থেকেই কিশোরটি তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি ছাত্রীর পরিবার কিশোরের অভিভাবকদের জানালে কিছুদিন উত্ত্যক্ত করা বন্ধ রাখে সে। তবে সেই ঘটনার ক্ষোভ থেকেই হামলা চালানো হয়েছে বলে পরিবারের দাবি।
আহত ছাত্রীর মা অভিযোগ করেন, ওই কিশোর দীর্ঘদিন ধরে তার মেয়েকে নানাভাবে বিরক্ত করছিল। বিষয়টি কিশোরের অভিভাবকদের জানানোর পর কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু সোমবার স্কুল থেকে ফিরে বাসার গেটের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার মেয়েকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এদিকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল জানান, আহত ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে অন্তত ছয়টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে হাতে দুটি গভীর ক্ষত রয়েছে। প্রতিটি ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে ছাত্রীটি আশঙ্কামুক্ত থাকলেও তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, আহত ছাত্রীর শারীরিক অবস্থা ভালো রয়েছে। চিকিৎসকেরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফজল মাহমুদ জানান, ঘটনার পর আশপাশের একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়েছে। এর মাধ্যমে হামলাকারী কিশোরের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাকে আটকের পর ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।


