কুষ্টিয়া শহরে টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে এক কিশোর।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে শহরের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের গলিতে ওই ছাত্রীর বাসার সামনে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম জাকিয়া সুলতানা (১৫)। সে কুষ্টিয়া মিশন স্কুলের দশম শ্রেণির ছাত্রী এবং থানাপাড়া এলাকার জাকারিয়া হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে টেস্ট পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল জাকিয়া। এ সময় থানাপাড়া ২ নম্বর ওয়ার্ডের ক্রিসেন্ট ক্লাবের গলিতে তার বাসার সামনে আগে থেকেই অবস্থান করছিল এক কিশোর। জাকিয়া সেখানে পৌঁছালে কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই কিশোর তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আহত জাকিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীর ও হাতের বিভিন্ন স্থানে একাধিক জখমের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আশঙ্কামুক্ত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, আহত শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলাকারীকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলাকারীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


