...|...|...

সারাদেশ

৩৫ বছর ধরে বিপ্লবের নিত্যসঙ্গী পুরোনো রেডিও

শেখ সোহেল, বাগেরহাট
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫৪
Shares
৩৫ বছর ধরে বিপ্লবের নিত্যসঙ্গী পুরোনো রেডিও

রেডিও হাতে দোকানি বিপ্লব দাস (৫৫)। ছবি: টাইমস টুডে

সকাল থেকে সন্ধ্যা—চায়ের কাপে চুমুক দিতে দিতে কত মানুষের আড্ডা জমে তার দোকানে। কেটলিতে চা ফুটে, একের পর এক কাপ তৈরি হয়। ক্রেতাদের কেউ চা পান করেন, কেউ গল্পে মেতে ওঠেন। আর এসব ব্যস্ততার মধ্যেই দোকানের এক কোণে রাখা পুরোনো রেডিওতে বেজে চলে গান। সেই গানের সুরে কখনো কাজের ফাঁকে গুনগুন করে ওঠেন দোকানি বিপ্লব দাস (৫৫)। প্রযুক্তির উৎকর্ষে মানুষের হাতে হাতে এখন স্মার্টফোন, বদলে গেছে বিনোদনের ধরনও। তবু বিপ্লবের কাছে রেডিওর আবেদন আলাদা। ৩৫ বছর ধরে সঙ্গী হয়ে থাকা এই রেডিওর গানেই তিনি খুঁজে পান ফেলে আসা আশির দশকের স্মৃতি।

বাগেরহাট শহরের রেড ক্রিসেন্ট কার্যালয়ের পাশে তার ছোট্ট চায়ের দোকান। প্রতিদিন সকাল ৯টার দিকে দোকান খুলে বসেন তিনি। চা বানানো ও পান তৈরির ফাঁকে রেডিওটি চালু করেন। দোকান চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এরপর বাড়িতে ফিরেও থামে না রেডিও শোনা। রাত ১১টার সংবাদ শুনে তবেই রেডিও বন্ধ করেন তিনি।

বিপ্লবের বাড়ি বাগেরহাট সদর উপজেলার খারদার এলাকায়। জীবিকার তাগিদে প্রায় ৩৫ বছর আগে বরিশাল থেকে বাগেরহাটে আসেন তিনি। এরপর ছোট্ট একটি চায়ের দোকানকে অবলম্বন করেই শুরু হয় তার জীবনসংগ্রাম। বর্তমানে দোকানভাড়া মাসে ৬০০ টাকা, আর থাকার ঘরের ভাড়া ২ হাজার টাকা। সব খরচ সামলে প্রতিদিন তার আয় থাকে প্রায় ২৫০ টাকা কখনো ৩০০ টাকা হয়। স্ত্রী ও দুই সন্তান নিয়ে চার সদস্যের সংসার। বড় ছেলে কলেজে পড়াশোনা করছে, আর মেয়ে এসএসসি পরীক্ষার্থী।

সংসারের খরচ, বাসাভাড়া ও সন্তানদের পড়াশোনার ব্যয় মেটাতে প্রতিদিন হিসাব করে চলতে হয় তাকে। এর মধ্যেও রেডিওর ব্যাটারি কেনার জন্য আলাদা টাকা রাখতে হয়। কারণ রেডিও না শুনলে তার মন ভালো থাকে না।

বিপ্লবের রেডিওপ্রেমের শুরু স্কুলজীবনে। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় প্রথম রেডিও কেনেন তিনি। এরপর প্রায় ৩৫ বছরে সাত থেকে আটটি রেডিও কিনেছেন। পুরোনো রেডিও নষ্ট হয়েছে, বদলেছে যন্ত্র, কিন্তু রেডিও শোনার অভ্যাস বদলায়নি। বরং এটি এখন তার প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ।

রেডিও শোনার খরচও বেড়েছে। একসময় একটি ব্যাটারির দাম ছিল ১০ টাকা। এখন সেই ব্যাটারি কিনতে খরচ হয় ৫০ টাকা। আগে একটি ব্যাটারিতে প্রায় এক মাস চললেও এখন এক সপ্তাহও টেকে না। সামান্য আয়ের সংসারে এই বাড়তি খরচও কম নয়। তারপরও ব্যাটারি কেনা বন্ধ করেননি তিনি।

বিপ্লব দাস বলেন,আমার রেডিও ছাড়া এক মুহূর্তও ভালো লাগে না। একদিন রেডিও না শুনলে মন খারাপ হয়ে যায়। আগে ১০ টাকায় ব্যাটারি কিনতাম, এখন ৫০ টাকা লাগে। আগে এক ব্যাটারিতে এক মাস চলত, এখন এক সপ্তাহও চলে না। সংসারে বাজার না করেও থাকতে পারব, কিন্তু রেডিও না শুনে থাকতে পারব না।

শুধু গান শোনাই নয়, রেডিও থেকে নানা তথ্যও সংগ্রহ করেন বিপ্লব। দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, লালনগীতি, পল্লীগীতি ও ভাটিয়ালি তার প্রিয়। পাশাপাশি নিয়মিত খবর, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও শিক্ষামূলক অনুষ্ঠান শোনেন। বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের আলোচনা থেকেও নানা বিষয় জানতে পারেন তিনি।

বিপ্লবের কাছে রেডিওর সবচেয়ে বড় সুবিধা হলো, এটি শুনতে চোখের প্রয়োজন হয় না। রেডিও চালু রেখেই অনায়াসে চা বানানো, পান তৈরি কিংবা ক্রেতাদের সেবা করা যায়। তার কাছে রেডিও শুধু বিনোদনের মাধ্যম নয়, শেখারও একটি উৎস।

রেডিওর প্রতি তার ভালোবাসা কতটা গভীর, তার একটি উদাহরণও রয়েছে। চিকিৎসার জন্য ঢাকায় গিয়ে এক মাস হাসপাতালে থাকতে হয়েছিল তাকে। সেখানেও সাথে নিয়েছিলেন প্রিয় রেডিওটি। হাসপাতালের বিছানায় থেকেও প্রতিদিন শুনেছেন গান ও বিভিন্ন অনুষ্ঠান।

তিনি আরোও বলেন,মোবাইল দেখতে চোখের প্রয়োজন হয়, কিন্তু রেডিও কানে শুনতে পারি। রেডিও চালিয়ে রেখে কাজ করা যায়, আবার অনেক কিছু শেখাও যায়। রেডিও থেকে অনেক গান শিখেছি। খবর শুনি, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ শুনি। আমার কাছে রেডিও সেরা। যত দিন বেঁচে থাকব, তত দিন রেডিও শুনতে চাই।

বিপ্লবের দোকান এখন শুধু চা-পানের জায়গা নয়, রেডিও ঘিরে তৈরি হয়েছে ছোট্ট এক আড্ডার পরিবেশ। চায়ের কাপে চুমুক দিতে দিতে কেউ শোনেন পুরোনো দিনের গান, কেউ খবর, আবার কেউ উপভোগ করেন বিভিন্ন অনুষ্ঠান। রেডিওর পরিচিত সুর অনেককে ফিরিয়ে নিয়ে যায় অতীতের স্মৃতিতে।

স্থানীয় বাসিন্দা শেখ আমিনুল ইসলাম বলেন,আমি প্রায় ১৫ বছর ধরে দাদার দোকানে চা খাই। তার প্রথম সঙ্গী হলো রেডিও। চা বানানো কিংবা বেচাকেনা—যা-ই করেন, রেডিও তার সাথে থাকে। এখানে পুরোনো দিনের গান, খবর ও চিকিৎসকদের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ শুনতে পারি। স্মার্টফোনের এই যুগে দাদার রেডিও আমাদের পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়।

শামিমা আক্তার নামের এক ক্রেতা বলেন,আমার মেয়ে কোচিংয়ে পড়ে। সে আমাকে জিজ্ঞাসা করে, রেডিও কী? এখনকার অনেক ছেলে-মেয়ে রেডিও চেনেই না। কাকার দোকানে এসে রেডিও দেখে খুব ভালো লাগে। পুরোনো জিনিসটি তিনি এখনো যত্ন করে রেখেছেন, এটা আনন্দের। তিনি আরোও বলেন,রেডিও আমাদের পুরোনো দিনের স্মৃতি। অনেক দিন ধরে এমন জিনিস চোখে পড়ে না। কাকার দোকানে এসে রেডিও দেখে খুব ভালো লাগল। চায়ের সাথে রেডিওর শব্দ পরিবেশটাকে অন্য রকম করে তোলে।

মাসুম নামের এক ক্রেতা বলেন,দাদার চা ভালো লাগে। মাঝেমধ্যে এখানে এসে চা খাই। তার রেডিওর সুর শুনলে মন ভালো হয়ে যায়। রেডিও শুনতে শুনতে পুরোনো দিনের কথা মনে পড়ে।

আরেক ক্রেতা শেখ আল আমিন বলেন,দাদার দোকানের চা সুস্বাদু। তিনি ছোট্ট দোকান চালিয়ে সংসার পরিচালনা করেন। আমরা এখানে চা খাওয়ার পাশাপাশি তার রেডিওটিও উপভোগ করি। এখন সবাই স্মার্টফোনে ব্যস্ত। কিন্তু রেডিওতে পুরোনো দিনের গান ও অনুষ্ঠান শুনলে অন্য রকম ভালো লাগা কাজ করে। এই দোকানে এলে পুরোনো দিনের স্মৃতি ফিরে আসে।

স্মার্টফোনের যুগে পুরোনো রেডিও নিয়ে বিপ্লবের এই ব্যতিক্রমী অভ্যাস অনেকের কাছেই বিস্ময়কর। তাকে নিয়মিত রেডিও শুনতে দেখে কেউ কেউ হাসাহাসি করেন। পরিবারের সদস্যরাও মজা করে বলেন একদিন রেডিওর কারণেই তিনি ভাইরাল হয়ে যাবেন ডাক পাবেন জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে।

তবে এসব কথায় দমে যান না বিপ্লব। বরং রেডিওর প্রতি তার ভালোবাসা আগের মতোই অটুট। চায়ের কাপ তৈরি করতে করতে কিংবা পান সাজাতে সাজাতে পুরোনো গানের সাথে কখনো নিজেও কণ্ঠ মেলান। তার ছোট্ট দোকানে তখন চায়ের সুবাসের সাথে মিশে যায় গানের সুর, তৈরি হয় স্মৃতিমাখা এক আবহ।

প্রযুক্তির দ্রুত পরিবর্তনে অনেকের জীবন থেকে রেডিও হারিয়ে গেলেও বাগেরহাটের এই ছোট্ট চায়ের দোকানে এখনো বাজে তার পরিচিত সুর। সংসারের টানাপোড়েন, ব্যাটারির বাড়তি দাম কিংবা সময়ের পরিবর্তন—কোনো কিছুই দমাতে পারেনি বিপ্লবের রেডিওপ্রেম। তার কাছে পুরোনো এই যন্ত্রটি কেবল গান শোনার মাধ্যম নয়, এটি দীর্ঘ ৩৫ বছরের সঙ্গী, শেখার উৎস এবং মানসিক প্রশান্তির আশ্রয়।