ব্রিটিশ শাসনামলে নীলকরদের অত্যাচার, কৃষকদের শোষণ ও প্রতিরোধ আন্দোলনের ইতিহাসের সাক্ষী মাদারীপুরের আউলিয়াপুরের ঐতিহাসিক নীলকুঠি। প্রায় দুইশ বছরের পুরোনো এ স্থাপনা একসময় ছিল নীল উৎপাদন ও ব্যবসার গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু দীর্ঘদিনের অযত্ন, অবহেলা, সংস্কার ও সংরক্ষণের অভাবে ঐতিহাসিক নিদর্শনটি এখন ধ্বংসের মুখে। ইতোমধ্যে স্থাপনাটির অধিকাংশ অবকাঠামো বিলীন হয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, নীলকুঠির জমির বড় একটি অংশও দখল হয়ে গেছে। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে ইতিহাসের গুরুত্বপূর্ণ এ নিদর্শনটি পুরোপুরি হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে অবস্থিত এ স্থাপনাটি স্থানীয়ভাবে ‘ডানলপ সাহেবের নীলকুঠি’ নামে পরিচিত। ধারণা করা হয়, ১৮০০ সালের দিকে প্রায় ১২ একর জমির ওপর ইংরেজ নীলকর ডানলপ এটি প্রতিষ্ঠা করেন। একসময় ১২ কক্ষবিশিষ্ট বিশাল এ স্থাপনায় নীল উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হতো। বর্তমানে এর অস্তিত্ব টিকে আছে কিছু পুরোনো ইটের দেয়াল, চুল্লি ও ভগ্নপ্রায় চিমনির অংশবিশেষের মধ্যে।
নীলকুঠির সাথে জড়িয়ে রয়েছে এ অঞ্চলের কৃষকদের শোষণ ও নীলচাষবিরোধী প্রতিরোধের ইতিহাস। ব্রিটিশ শাসনামলে নীলকরদের অত্যাচার ও কৃষকদের নীল চাষে বাধ্য করার বিরুদ্ধে হাজী শরীয়তুল্লাহ ও দুদু মিয়ার নেতৃত্বে গড়ে ওঠা ফরায়েজী আন্দোলনের প্রভাবও এ অঞ্চলের ইতিহাসের সাথে সম্পর্কিত। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, রণখোলা এলাকায় নীলকরদের বাহিনীর সাথে প্রতিরোধকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, একসময় নীলকুঠিটি ছিল এলাকার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। কিন্তু বছরের পর বছর সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে স্থাপনাটির দেয়াল ভেঙে পড়ছে। অনেক জায়গায় মাটিচাপা পড়েছে পুরোনো স্থাপনার চিহ্ন। জমির বড় অংশ দখল হয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। তাদের দাবি, দ্রুত প্রত্নতত্ত্ব অধিদফতরের মাধ্যমে স্থাপনাটির সঠিক ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব নিরূপণ করে সংরক্ষণের ব্যবস্থা করা হোক।
এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, ঐতিহাসিক নীলকুঠিটি সংরক্ষণের বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদফতরকে অবহিত করা হবে। যাতে প্রয়োজনীয় উদ্যোগের মাধ্যমে স্থাপনাটি সংস্কার ও সংরক্ষণ করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা আউলিয়াপুরের নীলকুঠি শুধু একটি পুরোনো স্থাপনা নয়; এটি ব্রিটিশ শাসনামলে এ অঞ্চলের নীলচাষ, কৃষক নির্যাতন ও প্রতিরোধের ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ না এলে একদিন হয়তো ধ্বংসস্তূপের শেষ চিহ্নটুকুও হারিয়ে যাবে। ফলে নতুন প্রজন্ম বঞ্চিত হবে মাদারীপুরের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় জানার সুযোগ থেকে।


