...|...|...

সারাদেশ

ছোট ভাইয়ের জানাজার আগেই না ফেরার দেশে বড় ভাই

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, রাত ১০:৩২
Shares
ছোট ভাইয়ের জানাজার আগেই না ফেরার দেশে বড় ভাই

ছবি: টাইমস টুডে

সৃষ্টিকর্তার বিধান না যায় খণ্ডন। ছোট ভাইয়ের জানাজার ঠিক কিছুক্ষণ আগেই না ফেরার দেশে চলে গেলেন বড় ভাই। এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে চাঁদপুরের মতলব দক্ষিণের পৌর এলাকার নবকলস গ্রামে। 

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মতলব পৌর নবকলস এলাকার হাছান খান পার্শ্ববর্তী বোয়ালিয়া এলাকার মঞ্জিল নামক এক প্রবাসীর বাড়ির কেয়ারটেকারে চাকরি করতেন। আজ সোমবার সকাল ৯টার দিকে ওই বাড়িতে দায়িত্বরত অবস্থায় তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

পরে বাদ জোহর স্থানীয় বোয়ালিয়া এলাকায় হাছান খানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। একই দিন বাদ আছর নবকলস নিজ বাড়িতে তার দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা ছিল।

এদিকে,ছোট ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে নিজ বাড়িতে অসুস্থ থাকা বড় ভাই, হাসেম খানও (৬২) বিকাল ৩টার দিকে মারা যান। হাসেম খান দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শয্যাশায়ী ছিলেন বলে তার পরিবার জানান।

একই বাড়ির প্রতিবেশী আমির খান বলেন, হাছান খান(৫৫) দীর্ঘদিন যাবত বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে মনজিল নামক এক প্রবাসীর বাড়ির কেয়ার টেকার হিসেবে চাকুরী করতেন এবং পরিবার নিয়ে ওই এলাকায় বসবাস করতেন। আজ সকালের দিকে হঠাৎ তিনি স্ট্রোকজনিত কারণে মারা যান।

ওখাকে বাদ আছর নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা ছিল। এরই মধ্যে আরেকটি দুঃসংবাদ আসে ওনার বড় ভাইও মারা গেছেন।

এদিকে, তাদের দুজনের জন্য পাশাপাশি খোঁড়া হয়েছে দুটি কবর। পরে তাদের পরিবারের সিদ্ধান্ত মোতাবেক রাতে বাদ এশা নবকলস গ্রামে মসজিদের সামনে দুই ভাইয়ের একসাথে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত হাসান খান (৫৫) এবং হাসেম খান মতলব দক্ষিণ পৌর নবকলস এলাকার মৃত আব্দুর রহমান খানের ছেলে । 

একই দিনে ৫ ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের এমন মৃত্যুর খবর ছড়িয়ে পরলে তাদের নিজ ও আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।