...|...|...

সারাদেশ

খুলনায় কৃষক দলের সভাস্থলে বোমাসদৃশ বস্তু উদ্ধার

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, রাত ৯:৫২ | আপডেট: ৯ নভেম্বর ২০২৬, রাত ৯:৫৪
Shares
খুলনায় কৃষক দলের সভাস্থলে বোমাসদৃশ বস্তু উদ্ধার

বোমাসদৃশ বস্তু। ছবি: টাইমস টুডে

খুলনা মহানগরীর দৌলতপুরে কৃষক দলের আলোচনা সভা চলাকালে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর দৌলতপুরে মনা সুপার শপের বিপরীতে সভাস্থল থেকে বস্তুটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও কৃষক দলের নেতাকর্মীদের দাবি, সভা চলাকালে হঠাৎ একটি শব্দ হয়। পরে একটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়। বস্তুটি টিনের চালের ওপর পড়ে সেখান থেকে নিচে একটি বালতির পাশে গিয়ে পড়ে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তুটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন বলে জানা গেছে।

ঘটনার পর খুলনা মহানগর কৃষক দলের আহ্বায়ক আখতারুজ্জামান তালুকদার সজীব ঘটনাস্থলে উপস্থিত হন। পরে এ ঘটনার প্রতিবাদে নেতাকর্মীদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন তিনি।

খুলনা মহানগর কৃষক দলের খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানার সমন্বয়ক খালিদ হাসান মঈন বলেন, ‘প্রতি সপ্তাহের মতো আজ সন্ধ্যায় পাঁচটি ওয়ার্ড ও একটি ইউনিয়ন নিয়ে কৃষক দলের আলোচনা সভা করছিলাম। এ সময় হঠাৎ একটি শব্দ হয়। প্রথমে আমরা বিষয়টি বুঝতে পারিনি। পরে দেখি, একটি বস্তু টিনের চালে পড়ে সেখান থেকে নিচে থাকা একটি বালতির পাশে পড়েছে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। ধারণা করছি, দুর্বৃত্তরা একটি বোমা ছুড়ে মেরেই চলে গেছে। উপস্থিত নেতাকর্মীদের দ্রুত সরে যেতে বলা হলে আমরা নিরাপদ স্থানে চলে যাই।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্টদের বুঝতে হবে, একটা-দুইটা বোমা মেরে আমাদের দমানো যাবে না। এই দেশ ২০২৪ সালের আগের বাংলাদেশ নয়। ২০২৪ সালের পরের ঐক্যবদ্ধ বাংলাদেশ। ফ্যাসিস্টরা এ দেশে আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না।’

খুলনা মহানগর কৃষক দলের আহ্বায়ক আখতারুজ্জামান তালুকদার সজীব বলেন, ‘আজ থেকে খুলনার সন্ত্রাসীদের উদ্দেশে বার্তা দিতে চাই, আপনারা উল্টো দিন গোনা শুরু করেন। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছি। এমন প্রকাশ্য জনবহুল স্থানে আমার নেতাকর্মীদের ওপর হামলা হবে, আর আমরা চুপ করে বসে থাকব, এটা হতে পারে না।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. মোরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কী ধরনের বস্তু উদ্ধার হয়েছে, সেটি বিস্ফোরক কি না এবং কারা এ ঘটনার সাথে জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।