গাজীপুরের কালিয়াকৈরে একই কোম্পানির আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চন্দ্রা এলাকার কাজলী সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের মালিক আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হঠাৎ বাসটির পেছনের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সম্ভব হয়নি।
এর আগে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে চন্দ্রা এলাকায় একই কোম্পানির আরও একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে একটি বাসে আগুন দেওয়ার পর সন্ধ্যায় একই কোম্পানির আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এটি পরিকল্পিত ঘটনা কি না, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় বাসের মালিককে আটক করা হয়েছে।


