...|...|...

জাতীয়

সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, দুপুর ১:৪৭
Shares
সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় যোগ দেন তিনি।

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ফুসফুসের সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন সালাহউদ্দিন আহমেদ। রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার পরিচিত রাজনৈতিক নেতা হিসেবে তার পরিচিতি ছিল।

তিনি ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বিএনপি মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান জানান, বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সালাহউদ্দিন আহমেদের আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বেলা ৩টায় শ্যামপুরের লাল মসজিদে জানাজা শেষে জুরাইন গোরস্তানে তাঁর বাবার কবরে তাঁকে দাফন করা হবে।