...|...|...

জাতীয়

এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, রাত ৮:০২
Shares
এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশের ৬৪ জেলায় আগামী এক বছরের মধ্যে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি কিডনি রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে উপজেলা পর্যায়ে এক লাখ স্বাস্থ্যকর্মীকে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্স’ এ সম্মেলনের আয়োজন করে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত। তাদের অনেকেই দীর্ঘমেয়াদি ক্ষতির বিষয়টি জানেন না। এই পরিস্থিতি মোকাবিলায় আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার।

তিনি বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পাশাপাশি কিডনি রোগও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী উপজেলা পর্যায়ে এই রোগ শনাক্তকরণে কাজ করবেন।

কিডনি চিকিৎসাসেবা দেশজুড়ে সম্প্রসারণের বিষয়ে প্রতিমন্ত্রী আরও জানান, দক্ষ জনবল তৈরিতে সরকারি ও বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত নার্স এবং মেডিকেল টেকনোলজিস্টদের সমন্বয়ে জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কিডনি সেবা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, কিডনি রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ-এই তিনটি রোগের সব ধরনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।

কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক আলেসান্দ্রো বালদুচ্চি এবং সংগঠনটির মহাসচিব ও নবনির্বাচিত সভাপতি অধ্যাপক দিনা আবদেল লতিফ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক রুহুল আমিন রুবেল।