কৃষি উপকরণ কেনার সুবিধার্থে দেশের প্রায় পাঁচ লাখ কৃষককে ১০১ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। কৃষক কার্ড কর্মসূচির আওতায় আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া এবং ৫ ডিসেম্বর গাইবান্ধায় এই সহায়তা বিতরণ শুরু হবে। ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা বছরে ২ হাজার ৫০০ টাকা করে এই সুবিধা পাবেন।
শনিবার (২৮ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুই কর্মসূচিতে মোট ৫ লাখ ৬০০ জন কৃষককে সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তাদের মধ্যে ৪ লাখ ৬ হাজার ৫৯১ জনের ব্যাংক হিসাব আইবাস++ পদ্ধতিতে যাচাই করা হয়েছে। বাকি কৃষকদের তথ্য যাচাই-বাছাই চলছে।
আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়ার কর্মসূচিতে খুলনা ও ঢাকা বিভাগের সংশ্লিষ্ট এলাকার ২ লাখ ৮৯ হাজার ২৫৩ জন কৃষক সহায়তা পাবেন। তাঁদের মধ্যে ২ লাখ ৬৮ হাজার ৮৩৬ জনের ব্যাংক হিসাব যাচাই করা হয়েছে। এ জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬৭ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা।
অন্যদিকে, ৫ ডিসেম্বর গাইবান্ধায় রংপুর বিভাগের আটটি উপজেলার ১ লাখ ৫৪ হাজার ২৩১ জন কৃষক এ সহায়তার আওতায় আসবেন। তাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৭৫৫ জনের ব্যাংক হিসাব যাচাই করা হয়েছে। এ কর্মসূচিতে বরাদ্দ ৩৪ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।
কুষ্টিয়া সদর উপজেলার একটি কৃষি ব্লকে ২ হাজার ৮৫০ জন এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি কৃষি ব্লকে ১ হাজার ৯৯০ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্ধারিত অনুষ্ঠানে কৃষকদের হাতে কার্ড বিতরণ করবেন।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, আগামী চার বছরে দেশের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য রয়েছে। পর্যায়ক্রমে ৬৪ জেলায় কর্মসূচি সম্প্রসারণ করা হবে।


