বিশ্বের ৩৪টি দেশের সাথে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। এসব চুক্তির আওতায় নির্দিষ্ট ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই সংশ্লিষ্ট দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন। তবে সব দেশের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টধারীদের জন্য এ সুবিধা প্রযোজ্য নয়।
২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত হালনাগাদ করা এ তালিকা সম্প্রতি পররাষ্ট্র সচিব এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি ৩১টি দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা ছাড়া ভ্রমণের চুক্তি রয়েছে।
দেশগুলো হলো- সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়া।
অন্যদিকে, জাপান ও উজবেকিস্তানের ক্ষেত্রে শুধু বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। একই সুবিধা পাবেন বাংলাদেশে আসা ওই দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারীরাও।
তালিকাভুক্ত ৩৪টি দেশের মধ্যে মালদ্বীপের ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা রয়েছে। দেশটিতে বাংলাদেশের যেকোনো ধরনের পাসপোর্টধারী ভিসা ছাড়াই যেতে পারবেন। একইভাবে মালদ্বীপের সাধারণ পাসপোর্টধারীরাও ভিসা ছাড়াই বাংলাদেশে প্রবেশ করতে পারবেন।
তবে ভিসা অব্যাহতি চুক্তি থাকলেও এ সুবিধা ব্যবহার করে দুই দেশের নাগরিকদের কেউই কাজের উদ্দেশ্যে যাতায়াত করতে পারবেন না।


