...|...|...

বিশ্ব

পাসপোর্ট সূচকে দক্ষিণ এশিয়ায় তলানিতে বাংলাদেশ, বিশ্বে কততম?

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৫:১৫
Shares
পাসপোর্ট সূচকে দক্ষিণ এশিয়ায় তলানিতে বাংলাদেশ, বিশ্বে কততম?

ফাইল ছবি

কানাডাভিত্তিক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটলের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান বিশ্বে ১৯২তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ রয়েছে ষষ্ঠ স্থানে। 

বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত হালনাগাদ তালিকায় এ তথ্য উঠে এসেছে।

আর্টন ক্যাপিটলের পাসপোর্ট ইনডেক্সে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টের শক্তি ও ভ্রমণসুবিধা মূল্যায়ন করা হয়েছে। সেখানে বাংলাদেশের মোবিলিটি স্কোর ৬৫।

বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ১৭টি দেশে আগাম ভিসা ছাড়াই যেতে পারেন। আরও ৬৬টি দেশে পৌঁছানোর পর ভিসা নেওয়ার সুযোগ রয়েছে। বিপরীতে ১১৫টি গন্তব্যে যেতে হলে আগে থেকেই ভিসা নিতে হয়।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল। বাংলাদেশের পেছনে আছে পাকিস্তান ও আফগানিস্তান।

বিশ্ব তালিকায় ভারতের অবস্থান ১২৮তম। ভুটান ১৬৩তম, শ্রীলঙ্কা ১৮০তম এবং নেপাল ১৮৩তম স্থানে রয়েছে। পাকিস্তানের অবস্থান ১৯৪তম এবং আফগানিস্তান ১৯৮তম।

আর্টন ক্যাপিটল একটি বৈশ্বিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি পাসপোর্ট ইনডেক্স চালু করে। কোনো দেশের নাগরিক কতটি গন্তব্যে ভিসা ছাড়া, পৌঁছানোর পর ভিসা নিয়ে কিংবা ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের মাধ্যমে যেতে পারেন—এসব বিষয় বিবেচনায় নিয়ে সূচকটি তৈরি করা হয়।

তবে আর্টন ক্যাপিটল ও যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকের হিসাবপদ্ধতি এক নয়। এ কারণে একই দেশের পাসপোর্ট দুই প্রতিষ্ঠানের তালিকায় ভিন্ন অবস্থানে থাকতে পারে।