যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে রানওয়েতে চলাচলের সময় আমেরিকান এয়ারলাইন্সের দুটি যাত্রীবাহী বিমানের ডানার মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টার কিছু পর এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হননি।
নিউইয়র্ক পোস্টের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) অডিও থেকে ঘটনার বিস্তারিত জানা গেছে।
এফএএ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটের দিকে উড্ডয়নের প্রস্তুতি হিসেবে ট্যাক্সি করার সময় আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৬৩৮-এর ডানার সাথে ফ্লাইট ২১৫২-এর ডানার সংঘর্ষ হয়।
অন্যদিকে এটিসির অডিওতে বলা হয়েছে, ডালাসগামী ফ্লাইট ৬৩৬-এর বিমানটি শিকাগোগামী আরেকটি বিমানের সাথে ধাক্কা খায়।
লাইভএটিসি থেকে পাওয়া অডিওর বরাতে ৭নিউজ জানিয়েছে, আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৬৩৮-এর এক পাইলট এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকর্মীদের বলেন, ‘আমরা হোল্ড শর্ট লাইনের কিছুটা বাইরে চলে গেছি। দুর্ভাগ্যবশত, পেছনে পাশের আমেরিকান এয়ারলাইন্সের বিমানের সাথে আমাদের ডানার ধাক্কা লেগেছে।’
আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, সংঘর্ষে বোয়িং ৭৩৭-৮০০ মডেলের দুটি বিমানের ডানার প্রান্ত পরস্পরের সংস্পর্শে আসে। তবে এতে কেউ আহত হননি।
ঘটনার পর দুই বিমানই গেটে ফিরে যায়। পরে রক্ষণাবেক্ষণ দলের পরিদর্শনের জন্য বিমান দুটিকে সাময়িকভাবে চলাচল থেকে সরিয়ে নেওয়া হয়।
বিমান সংস্থাটি আরও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বোস্টন ও শিকাগোগামী ফ্লাইট দুটি ওই দিনের সন্ধ্যার পর আবার যাত্রা করার কথা ছিল।
যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, যত দ্রুত সম্ভব যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে তারা কাজ করছে।


