জার্মানিতে উচ্চশিক্ষা ও দক্ষ পেশায় বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। শিক্ষা, প্রযুক্তি, দক্ষ জনশক্তি, উন্নয়ন সহযোগিতা এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে উচ্চশিক্ষার আবেদনকারীদের জন্য নতুন ডিজিটাল ভিসা আবেদনব্যবস্থা চালু করতে যাচ্ছে জার্মানি। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এসব উদ্যোগ বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে।
শুক্রবার (২৭ নভেম্বর) জার্মানির রাজধানী বার্লিনে দেশটির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি ইয়োহান সাতহফের সাথে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৈঠকে বাংলাদেশ ও জার্মানির উন্নয়ন সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দুই দেশের সরকারি পর্যায়ে (জি টু জি) উন্নয়ন সহযোগিতাবিষয়ক সাম্প্রতিক আলোচনা সফলভাবে শেষ হওয়ায় উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে।
এ সময় জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কপ-৩১, জলবায়ু অর্থায়ন, রোহিঙ্গা সংকট ও এ খাতে অর্থায়নের ঘাটতি নিয়ে কথা হয়। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায় এবং পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা করেন তারা। পাশাপাশি প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণের বিষয়টি গুরুত্ব পায়।
বৈঠকে বাংলাদেশের সরকারের অর্থনৈতিক, মানবিক ও সামাজিক উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন শামা ওবায়েদ ইসলাম। এর মধ্যে ছিল সৃজনশীল অর্থনীতির উদ্যোগ, শিক্ষা ও নারীর উন্নয়নে বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি।
অন্যদিকে, বাংলাদেশে সাম্প্রতিক সফর এবং রোহিঙ্গা শিবির ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন ইয়োহান সাতহফ। বাংলাদেশের সাথে অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহও জানান তিনি।
জার্মানিতে উচ্চশিক্ষায় ডিজিটাল ভিসা
জার্মানিতে উচ্চশিক্ষার প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক বিষয়ে টিউশন ফি ছাড়াই পড়ার সুযোগ রয়েছে। এ ছাড়া গবেষণা, বৃত্তি এবং আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময় কর্মসূচিতেও অংশ নেওয়ার সুযোগ রয়েছে। প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, মানবিক ও পরিবেশবিষয়ক বিভিন্ন বিষয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সম্ভাবনা রয়েছে।
শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদনপ্রক্রিয়ায়ও পরিবর্তন আসছে। জার্মান দূতাবাস ঢাকার ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা কনস্যুলার সার্ভিসেস পোর্টাল (সিএসপি) ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে ভিসার আবেদন করতে পারবেন। এ ব্যবস্থায় অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে।
নতুন পদ্ধতিতে ভিসার জন্য অপেক্ষার সময় কমানো এবং আবেদনপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করাই দূতাবাসের লক্ষ্য।
দক্ষ কর্মীদের জন্যও সম্ভাবনা
উচ্চশিক্ষার পাশাপাশি জার্মানির শ্রমবাজারেও বিদেশি দক্ষ কর্মীদের চাহিদা রয়েছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা, নার্সিং, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কারিগরি পেশা ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন খাতে দক্ষ কর্মীদের কাজের সুযোগ রয়েছে।
জার্মানির ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সির ২০২৬ সালের শ্রমবাজার বিশ্লেষণে ১৫৭টি পেশাগত ক্ষেত্রে দক্ষ কর্মীর ঘাটতির কথা উঠে এসেছে। এ ছাড়া দেশটির দক্ষ জনশক্তি অভিবাসন আইন এবং ‘অপরচুনিটি কার্ড’-এর আওতায় যোগ্য বিদেশি কর্মীদের চাকরি খোঁজা ও কর্মসংস্থানের সুযোগ রয়েছে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং ভাষাগত দক্ষতা থাকলে বাংলাদেশিরাও এসব সুযোগ কাজে লাগাতে পারবেন।
জার্মান একাডেমি ঢাকার চেয়ারম্যান শামীম আল মামুন বাংলানিউজকে বলেন, জার্মানি দক্ষ পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য সম্ভাবনাময় একটি দেশ। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর জার্মানিতে উচ্চপর্যায়ের বৈঠক এবং দুই দেশের সম্পর্ক জোরদারের উদ্যোগ আশাব্যঞ্জক।
তিনি বলেন, বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা বাড়ানো এবং দীর্ঘ অপেক্ষার অবসান হওয়া জরুরি। নতুন সিএসপি ব্যবস্থার মাধ্যমে আগামী বছর থেকে শিক্ষার্থীরা অনলাইনে ভিসার আবেদন করতে পারবেন। এতে আবেদনপ্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করছেন তিনি। তার মতে, বাংলাদেশি শিক্ষার্থীদের এ সুযোগ কাজে লাগানো উচিত।
এনআরবি জার্মানির পরিচালক বিবি ফাতেমা বলেন, জার্মানিতে দক্ষ পেশাজীবীর সংকট রয়েছে। তবে অনেক শিক্ষার্থী দেশটিতে গিয়েও কাজ পাচ্ছেন না। তাই শুধু বিদেশে যাওয়ার আগ্রহ থাকলেই হবে না; জার্মান ভাষা শেখার পাশাপাশি নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করে আসতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে শিক্ষিত মানুষেরা ইংরেজি জানলেও অফিস-আদালত ও দৈনন্দিন জীবনে বাংলা ভাষার গুরুত্ব বেশি। জার্মানিতেও কর্মক্ষেত্র ও দৈনন্দিন জীবনে জার্মান ভাষার প্রয়োজনীয়তা অনেক। তাই ভাষা শেখার পাশাপাশি প্রয়োজনীয় পেশাগত দক্ষতা অর্জন করে গেলে বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীরা ভালো করতে পারবেন। এতে জার্মানির শ্রমবাজারের চাহিদা পূরণের পাশাপাশি দুই দেশই উপকৃত হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বাংলাদেশ ও জার্মানির মধ্যে শিক্ষা, প্রযুক্তি, উন্নয়ন এবং দক্ষ জনশক্তি নিয়ে সহযোগিতা বাড়লে ভবিষ্যতে দুই দেশের নাগরিকদের জন্য আরও সুযোগ তৈরি হবে। তবে এসব সুযোগ কাজে লাগাতে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, ভাষাগত দক্ষতা ও পেশাগত প্রস্তুতির ওপর গুরুত্ব দিতে হবে।


