...|...|...

বিশ্ব

মার্কিন অনভিবাসী ভিসাধারীদের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১:২৮
Shares
মার্কিন অনভিবাসী ভিসাধারীদের জন্য জরুরি নির্দেশনা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভ্রমণের পুরো ব্যয় বহনের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে—এমন প্রমাণ সাথে রাখার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। অনভিবাসী ভিসার আবেদনকারীদের ভিসা সাক্ষাৎকারের সময় এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সাথে আনতে বলা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় এ পরামর্শ জানায় দূতাবাস।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিজের সব খরচ বহনের মতো আর্থিক সক্ষমতা আছে কি না, তা নিশ্চিত করতে হবে। একইসাথে ভ্রমণের সময় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে বা জরুরি চিকিৎসার প্রয়োজন পড়লে সেই ব্যয় বহনের সামর্থ্যও থাকতে হবে।

দূতাবাস আরও জানায়, ভিসা সাক্ষাৎকারের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে আসতে হবে। যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কা নেই—এমন প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথিপত্র সাথে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।