...|...|...

সারাদেশ

রেললাইনে আগুন দেওয়ার সময় হাতেনাতে ধরা ২ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৬:১৬
Shares
রেললাইনে আগুন দেওয়ার সময় হাতেনাতে ধরা ২ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

রেললাইনে আগুন দেওয়ার সময় হাতেনাতে ধরা ২ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইয়াসিন মার্কেটসংলগ্ন রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল ও অর্থ সম্পাদক নির্জন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাকৃবির ইয়াসিন মার্কেটসংলগ্ন রেললাইনে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ছাত্রলীগের দুই নেতাকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তবে তাদের সাথে থাকা অপর একজন পালিয়ে যান।

আটকের পর শৈবাল ও নির্জনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবসহ সংগঠনটির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘটনার বিষয়ে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জাতীয়তাবাদী ছাত্রদল এ ধরনের কর্মকাণ্ড কখনো বরদাস্ত করবে না। যারা বিশ্ববিদ্যালয় এলাকায় আগুন দেওয়ার চেষ্টা করেছেন, তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

তারা আরও জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে ছাত্রদলের নেতাকর্মীরা সব সময় সজাগ রয়েছেন।

এ বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. কাজী ফরহাদ কাদির বলেন, ‘আজ বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেটসংলগ্ন রেললাইনে টায়ার জ্বালানোর সময় দুজনকে আটক করা হয়েছে, আরেকজন পালিয়ে গেছে। তারা আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের নেতা বলে জানতে পেরেছি। পরবর্তীতে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।’