...|...|...

সারাদেশ

রেললাইনে অগ্নিসংযোগের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১৮
Shares
রেললাইনে অগ্নিসংযোগের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় রেললাইনে অগ্নিসংযোগের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছেন ছাত্রদল নেতাকর্মীরা। পরে তাদের ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন সরকারি আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক নির্ঝর ও সদস্য ঝিনুক। সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেট-সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হক ও বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন বাকৃবি ছাত্রদলের নেতাকর্মীরা। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান।

বাকৃবি ছাত্রদল ও বাকৃবি সাংবাদিক সমিতিসহ একাধিক ফেসবুক পেজে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সোমবার রাত ১১টার দিকে দুই যুবক টায়ার নিয়ে বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেট-সংলগ্ন রেললাইনের কাছে যান। সেখানে তারা অগ্নিসংযোগের প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানতে পেরে ছাত্রদল নেতা আতিকুর রহমানের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল মোটরসাইকেলে ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবালের সমর্থক বলে দাবি করেছেন বলে জানা গেছে।

বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান বলেন সোমবার ভোরে শহরের জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগের ঘটনার পর থেকেই ক্যাম্পাসে ছাত্রদল সতর্ক অবস্থানে ছিল। এ কারণে খবর পাওয়ার সাথে সাথে নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই দুজনকে আটক করা হয়। ক্যাম্পাসে নাশকতাবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আটক দুই যুবককে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাদের থানায় নিয়ে আসা হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।