...|...|...

সারাদেশ

কুড়িগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:১৩
Shares
কুড়িগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. জিল্লুর রহমান ওরফে জ্যোতি (২৬) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের ফুলবাড়ী জসিমিয়া বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জিল্লুর রহমান ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী এলাকার মো. আজিম উদ্দিন সরকারের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কাশিপুর ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি।

পুলিশ জানায়, গত ১২ আগস্ট ফুলবাড়ী থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম জানান, শনিবার রাতে জিল্লুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।