জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগ নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার রবিউল হাসান সোহাগ জামালপুর সদর উপজেলার ১৫ নম্বর রশিদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ওই ইউনিয়ন যুবদলের দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, রিমান্ডে থাকা মোটরসাইকেল চোর চক্রের সদস্য ফারুক, রাজ্জাক ও সাদ্দামের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে রশিদপুরের পাকুল্লা এলাকা থেকে সোহাগকে গ্রেফতার করা হয়। চোর চক্রের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, রবিউল হাসান সোহাগ চুরি করা মোটরসাইকেল বিক্রির দায়িত্বে ছিলেন।
গোয়েন্দা পুলিশের ভাষ্য, রবিউল হাসান সোহাগ দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন এবং একটি চোর চক্র পরিচালনা করতেন। শনিবার রাতেই সোহাগের বিক্রি করা একটি চোরাই মোটরসাইকেল রশিদপুর বাজার থেকে উদ্ধার করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, গ্রেফতার সোহাগকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মোটরসাইকেল চুরি বন্ধ করতে গোয়েন্দা পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।


