কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার পথে মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার নামে দুই কিশোরী নিখোঁজ হয়েছে। গত চার দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন স্বজনরা।
নিখোঁজ দুই শিক্ষার্থী উপজেলার কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি গ্রামের বাসিন্দা। তারা দুজনই কাশিনগর আল আমিন মাদ্রাসায় পড়াশোনা করে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মাহিমা ও তানিশা। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় স্বজনরা প্রথমে পরিচিতজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। তবে চার দিন পার হলেও এখনো তাদের কোনো সন্ধান মেলেনি।
মাহিমা আক্তার মাহির নিখোঁজের ঘটনায় তার মা তাছলিমা আক্তার চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মাহির মা তাছলিমা আক্তার বলেন, ‘আমার মেয়ে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। বিকেল পর্যন্ত ফিরে না আসায় আমরা অনেক জায়গায় খোঁজ করি। কোথাও না পেয়ে থানায় জিডি করেছি। মেয়েকে দ্রুত ফিরে পেতে চাই।’
কাশিনগর আল আমিন মাদ্রাসার অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, ‘বৃহস্পতিবার ওই দুই শিক্ষার্থী মাদ্রাসায় উপস্থিত হয়নি। পরে তাদের পরিবারের কাছ থেকে জানতে পারি, মাদ্রাসায় আসার পথেই তারা নিখোঁজ হয়েছে।’
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত ও উদ্ধারের চেষ্টা চলছে।

