...|...|...

সারাদেশ

গাজীপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৮
Shares
গাজীপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ। ছবি: টাইমস টুডে

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে আবারও কয়েকটি পোশাক কারখানায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। রবিবার (৮ নভেম্বর) দুপুরে মহানগরের কোনাবাড়ীর জরুন, চন্দ্রা পল্লী বিদ্যুৎ ও কাশিমপুর এলাকায় এসব বিক্ষোভের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাবাড়ীর জরুন এলাকায় মন্ডল গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ দেন। তবে দুপুরের দিকে তারা কারখানা থেকে বের হয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। 

এ সময় আশপাশের কয়েকটি কারখানা ছুটি ঘোষণার দাবি জানানোর পাশাপাশি সেসব কারখানার শ্রমিকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তারা।

পরিস্থিতির কারণে পরে আশপাশের কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। একপর্যায়ে শ্রমিকরা বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ রোববারের জন্য কারখানাটি ছুটি ঘোষণা করে। এছাড়া কাশিমপুর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরাও বিক্ষোভ করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেসব কারখানাও ছুটি ঘোষণা করা হয়।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েকটি কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য ছুটি ঘোষণা করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনাবাড়ী, কাশিমপুর ও জরুনসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।