কিশোরগঞ্জের করিমগঞ্জে যৌথ মোবাইল কোর্টের অভিযানে ৫ মেট্রিক টন সারবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(৬) ধারায় অপরাধের দায়ে মো. জনি খান নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, করিমগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা ও উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব চন্দ্র ধরের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের সময় কিরাটন মাদ্রাসা এলাকা থেকে মঙ্গলবার আনুমানিক দুপুর ৩টার দিকে সার নিয়ে আসা একটি ট্রাক জব্দ করা হয়। পরে ট্রাকটিতে তল্লাশি করে ৫ মেট্রিক টন সার পাওয়া যায়।
এ ঘটনায় কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(৬) ধারায় অপরাধের দায়ে মো. জনি খানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তিনি মহিবুর রহমান খানের ছেলে।
কৃষি উপকরণের সুষ্ঠু বিপণন ও আইনসম্মত কার্যক্রম নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।


