...|...|...

সারাদেশ

ফ্ল্যাটেই তৈরি হচ্ছিল মদ, নারীসহ চীনা নাগরিক গ্রেফতার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, রাত ১১:৩৭
Shares
ফ্ল্যাটেই তৈরি হচ্ছিল মদ, নারীসহ চীনা নাগরিক গ্রেফতার

নারীসহ চীনা নাগরিক গ্রেফতার। ছবি: সংগৃহীত

সাভারের একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে দেশীয় মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় এক চীনা নাগরিক ও এক বাংলাদেশি নারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৩ বালতি মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সাভারের হেমায়েতপুরের পূর্বহাটি এলাকার মীন টাওয়ারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, একটি অভিযোগের তদন্তে মীন টাওয়ারে যায় পুলিশের একটি দল। সেখানে একটি ফ্ল্যাটে দেশীয় মদ তৈরির কারখানার সন্ধান পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এ সময় চীনা নাগরিক ফিলি লিহান (৫৪) ও বাংলাদেশি নাগরিক চম্পা দাসকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে ১৩ বালতি মদ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ওই ফ্ল্যাটে দেশীয় মদ তৈরি ও বিক্রি করে আসছিলেন তারা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, চম্পা দাসের বাসায় মদ তৈরির সময় ওই চীনা নাগরিকসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। চম্পা দাস গত আড়াই বছর ধরে ওই বাসায় মদ তৈরির কাজ করে আসছিলেন। ঘটনাস্থল থেকে মদ তৈরির বেশ কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।