...|...|...

সারাদেশ

ধর্ষণের মিথ্যা মামলা, ডিএনএ টেস্টে ফাঁসলেন নারী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, রাত ১১:০৬
Shares
ধর্ষণের মিথ্যা মামলা, ডিএনএ টেস্টে ফাঁসলেন নারী

টাইমস টুডে গ্রাফিক্স।

মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগ করানোর দায়ে নেত্রকোনায় লিপি আক্তার (৩৯) নামে এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ডিএনএ পরীক্ষায় ধর্ষণের অভিযোগের সত্যতা না মেলায় মামলাটি মিথ্যা প্রমাণিত হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক একেএম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানার মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার নেত্রকোনার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা।

আদালত ও মামলার নথি অনুযায়ী, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেফতার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে।

সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে দেখা যায়, কামাল উদ্দিন শিশুটির জৈবিক পিতা নন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে ধর্ষণের অভিযোগ থেকে তাকে বেকসুর খালাস দেন আদালত।

এরপর মিথ্যা অভিযোগে মামলা করে অহেতুক কারাভোগ করানোর প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে মঙ্গলবার লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন আদালত।