চাঁদপুরের মতলব দক্ষিণের পৌর এলাকার চরমুকুন্দি গ্রামে একটি বিলের মধ্যে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে স্থানীয় লোকজনদের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে নিয়ে যায় মতলব দক্ষিণ থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এক ব্যক্তি জমিতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে একটি কম্বল মোড়ানো বস্তাসদৃশ বস্তু দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়দের ধারণা, তিন - চারদিন আগে হয়তো তাকে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়েছে। লাশটির মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় এ সংবাদ লিখা পর্যন্ত বা স্বজনের খোঁজ না পাওয়ায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মতলব দক্ষিণ থানার (ওসি) হাফিজুর রহমান মানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত ও আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।


