রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ২৪ জন, লালবাগে ৭৮ জন, ওয়ারীতে ৭৪ জন, মতিঝিলে ৪৯ জন, তেজগাঁওয়ে ৭৮ জন, মিরপুরে ১১৯ জন, গুলশানে ২৭ জন, উত্তরা বিভাগে ২৫ জন এবং গোয়েন্দা বিভাগে ৬ জন রয়েছেন।
অভিযান চলাকালে দুটি ছুরি, দুটি স্টিলের সুইচ গিয়ার, ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তি ও আলামত উদ্ধার করা হয়। এ সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


