রাজধানী ঢাকার রামপুরায় একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইএসপি) কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
গুলিবিদ্ধ দুজন হলেন হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। তাদের মধ্যে হাবিবুরের বাঁ হাত এবং সাজুর ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে।
রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানার ওয়াপদা রোডের স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি অফিসে এ ঘটনা ঘটে।
রাত সাড়ে ৮টার দিকে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে বরাত দিয়ে তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে চারজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত ওই কার্যালয়ে প্রবেশ করে। পরে দুজনকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। সহকর্মীরা আহত দুজনকে উদ্ধার করে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। গুলির কারণ ও হামলাকারীদের পরিচয় জানতে থানা পুলিশ কাজ করছে বলে জানান উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।


