...|...|...

আইন ও আদালত

শিশু রামিসা হত্যা

হাইকোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল-স্বপ্নার আপিল শুনানি শুরু

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১১:১০ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১১:১১
Shares
হাইকোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল-স্বপ্নার আপিল শুনানি শুরু

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়।

আলোচিত এ মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী।

এর আগে গত ৭ জুন মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেলের বাসা থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় সোহেল, তার স্ত্রী স্বপ্না ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্তে উঠে আসে, সোহেল রামিসাকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে তাকে হত্যা করে অপরাধ আড়াল করতে লাশ টুকরো করার চেষ্টা করেন বলে তদন্তকারীরা জানান।

গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। অন্যদিকে তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য দেওয়া এবং স্বামীকে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়।

অভিযোগপত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আদালত মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন। পরবর্তী সময়ে মাত্র ১৯ দিনের মধ্যে মামলাটির বিচার কার্যক্রম শেষ হয়।