জুলাই গণঅভ্যুত্থানের সময় ময়মনসিংহের গৌরীপুরে তিনজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের ছেলে তানজির আহমেদ রাজিবসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের নেতৃত্বে ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ। অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে আসামিপক্ষে শুনানি করেন স্টেট ডিফেন্স আইনজীবী সাহিদুর রহমান। তিনি তার মক্কেলদের নির্দোষ দাবি করেন এবং এ ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে যুক্তি দেন।
শুনানি শেষে প্রসিকিউশনের পক্ষ থেকে আদেশের জন্য সময় চাওয়া হয়। পরে ট্রাইব্যুনাল ২৫ নভেম্বর দিন ধার্য করেন।
এ সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিমসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।
মামলায় গ্রেফতার রাজিব ছাড়া অপর আসামিরা হলেন গৌরীপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায়, সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন এবং আওয়ামী লীগ নেতা সানাউল, শাহাবুল আলম ও জোসেফ উদ্দিন জজ। অন্যদিকে গৌরীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সোমনাথ সাহাসহ বাকি ছয়জন পলাতক রয়েছেন।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই ময়মনসিংহের গৌরীপুরে তৎকালীন উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহার নেতৃত্বে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এতে পুলিশের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন বলে অভিযোগ করা হয়েছে।
প্রসিকিউশনের অভিযোগ, ওই হামলায় গুলিতে বিপ্লব হাসান, মো. নূরে আলম সিদ্দিকী ও মো. জুবায়ের নিহত হন।
এ ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে প্রসিকিউশন দুটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। এর একটিতে সোমনাথ সাহাসহ নয়জনকে এবং অন্যটিতে তানজির আহমেদ রাজিবসহ তিনজনকে আসামি করা হয়েছে।


