...|...|...

আইন ও আদালত

ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে যা আছে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ১০:১২ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ১০:১৪
Shares
ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে যা আছে

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত তথ্য চেয়ে তার আইনি পরামর্শকদের আবেদন নতুন করে আলোচনায় এনেছে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে এই চুক্তির আওতায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলছে বাংলাদেশ সরকার। তবে তাকে ফেরত পাঠানোর বিষয়টি ভারতের আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।

২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ও তাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ।

তবে ভারত এ বিষয়ে বরাবরই আইনি প্রক্রিয়ার কথা বলে আসছে। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচারের সাথে সম্পর্কিত। আইন অনুযায়ীই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, প্রত্যর্পণ চুক্তিতেই কোন পরিস্থিতিতে একজন ব্যক্তিকে ফেরত দেওয়া যাবে এবং কোন পরিস্থিতিতে তা প্রত্যাখ্যান করা সম্ভব, সে বিষয়ে স্পষ্ট বিধান রয়েছে।

তাই শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রশ্নে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে কী বলা হয়েছে, তা নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

প্রত্যর্পণ কী এবং বাংলাদেশ-ভারত চুক্তির পটভূমি

প্রত্যর্পণ হলো এক রাষ্ট্রের কাছে অবস্থানরত কোনো অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে বিচার বা সাজা কার্যকরের জন্য অন্য রাষ্ট্রের কাছে আইনগত প্রক্রিয়ায় হস্তান্তর করা।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার জাতীয় সংসদে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে দেওয়া এক বিবৃতিতে প্রত্যর্পণ প্রক্রিয়ার ব্যাখ্যা দিয়েছেন।

তিনি বলেন, প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করলেই স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না। অনুরোধ গ্রহণকারী দেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত নিজ দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণের আবেদন, অপরাধের ধরন, গ্রেফতারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনি শর্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়।

পলাতক অপরাধীদের ফেরত আনার বিষয়ে বাংলাদেশের ১৯৭৪ সালের ‘বন্দি প্রত্যর্পণ আইন’ রয়েছে। এই আইনের আওতায় বিভিন্ন দেশের সাথে প্রত্যর্পণ চুক্তি করা হয়।

বাংলাদেশের সাথে বর্তমানে ভারত ও থাইল্যান্ডের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এর মধ্যে ভারতের সাথে চুক্তিটি স্বাক্ষরিত হয় ২০১৩ সালের জানুয়ারিতে।

এই চুক্তির আওতায় অতীতে বাংলাদেশ থেকে অনুপ চেটিয়াকে এবং ভারত থেকে নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি নূর হোসেনকে নিজ নিজ দেশে হস্তান্তর করা হয়েছিল।

পরবর্তী সময়ে ২০১৬ সালে চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারা সংশোধন করা হয়। এর ফলে কোনো ব্যক্তিকে ফেরত চাওয়ার ক্ষেত্রে অনুরোধকারী রাষ্ট্রকে অভিযোগের পক্ষে বিস্তারিত সাক্ষ্যপ্রমাণ জমা দিতে হয় না। সংশ্লিষ্ট আদালতের গ্রেফতারি পরোয়ানা উপস্থাপন করলেই তা বৈধ প্রত্যর্পণ অনুরোধ হিসেবে বিবেচিত হতে পারে।

কোন অপরাধে প্রত্যর্পণ করা যায়

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত চুক্তির দ্বিতীয় অনুচ্ছেদে প্রত্যর্পণযোগ্য অপরাধের সংজ্ঞা ও শর্ত উল্লেখ রয়েছে।

এতে বলা হয়েছে, উভয় দেশের আইন অনুযায়ী যে অপরাধের জন্য কমপক্ষে এক বছর কারাদণ্ডের সাজা হতে পারে, সেটি প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

এ ছাড়া অপরাধটি কর বা রাজস্বসংক্রান্ত কিংবা সম্পূর্ণ আর্থিক প্রকৃতির হলেও প্রত্যর্পণের আওতায় আসতে পারে।

অপরাধের নাম বা শ্রেণিবিভাগ দুই দেশে এক না হলেও প্রত্যর্পণের ক্ষেত্রে তা বাধা হবে না। অর্থাৎ, কোনো কাজ দুই দেশের আইনেই শাস্তিযোগ্য হলেই শর্ত পূরণ হতে পারে।

এমনকি কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধ সংঘটনের চেষ্টা, এতে সহায়তা, প্ররোচনা, উসকানি কিংবা সহযোগী হিসেবে অংশগ্রহণের ক্ষেত্রেও প্রত্যর্পণ মঞ্জুর করা যেতে পারে।

চুক্তির তৃতীয় অনুচ্ছেদে একাধিক কার্যক্রমের সমন্বয়ে সংঘটিত অপরাধের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো অপরাধের পুরোটা বা আংশিকভাবে অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের ভূখণ্ডে সংঘটিত হলেও নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে প্রত্যর্পণ করা সম্ভব।

রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে কী বলা আছে

শেখ হাসিনার সমর্থকদের আলোচনায় চুক্তির ষষ্ঠ অনুচ্ছেদটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই ধারায় রাজনৈতিক চরিত্রের অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ রাখা হয়েছে।

অর্থাৎ, যে অপরাধের ভিত্তিতে কাউকে ফেরত চাওয়া হচ্ছে, সেটি রাজনৈতিক চরিত্রের হলে অনুরোধ গ্রহণকারী রাষ্ট্র প্রত্যর্পণ প্রত্যাখ্যান করতে পারে।

তবে চুক্তিতে কিছু অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচনার বাইরে রাখা হয়েছে।

এর মধ্যে রয়েছে হত্যা, অনিচ্ছাকৃত হত্যা বা অপরাধমূলক নরহত্যা এবং উভয় দেশ যে বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তির পক্ষভুক্ত, সেসব চুক্তির আওতায় অপরাধ হিসেবে চিহ্নিত কাজ।

এ ছাড়া মানুষের জীবন বিপন্ন করতে পারে বা সম্পত্তির গুরুতর ক্ষতি করতে পারে-এমন বিস্ফোরণ ঘটানো, বিস্ফোরক তৈরি বা দখলে রাখা এবং জীবন বিপন্ন করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ রাখার বিষয়ও এই তালিকায় রয়েছে।

এ ছাড়া গ্রেফতার বা আটক প্রতিরোধে আগ্নেয়াস্ত্র ব্যবহার, জনসাধারণের কাজে ব্যবহৃত সম্পত্তির ক্ষতিসাধন, অপহরণ, বলপূর্বক তুলে নেওয়া, বেআইনিভাবে আটক রাখা, জিম্মি করা এবং হত্যাকাণ্ডে প্ররোচনার মতো অপরাধও রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম হিসেবে উল্লেখ করা হয়েছে।

ফলে কোনো অভিযোগ রাজনৈতিক চরিত্রের কি না, তা নির্ধারণের ক্ষেত্রে চুক্তির এই ব্যতিক্রমগুলোও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

কোন পরিস্থিতিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যায়

বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির অষ্টম অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের বিভিন্ন কারণ উল্লেখ রয়েছে।

এ অনুযায়ী, কোনো ব্যক্তিকে ফেরত পাঠালে তা অন্যায় বা নিপীড়নমূলক হবে বলে তিনি অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রকে সন্তুষ্ট করতে পারলে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে।

এ ছাড়া সংশ্লিষ্ট অপরাধের গুরুত্ব ও প্রকৃতি বিবেচনায় তা তুচ্ছ বা লঘু হলে এবং কথিত অপরাধ সংঘটনের পর কিংবা বেআইনিভাবে পলাতক হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে।

ন্যায়বিচারের স্বার্থে অভিযোগটি করা হয়নি বলেও প্রতীয়মান হলে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে।

শেখ হাসিনার ক্ষেত্রে কী হতে পারে

গত বছরের নভেম্বরে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পর তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে নিন্দা জানিয়েছিলেন।

ওই রায়ের পর অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী সময়ে বিএনপি সরকারের পক্ষ থেকেও প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।

অন্যদিকে, ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীরাধা দত্ত মনে করেন, চুক্তির শর্ত বিবেচনায় শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সহজ হবে না।

তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তির মধ্যেই কোন পরিস্থিতিতে একজন ব্যক্তিকে ফেরত দেওয়া সম্ভব, তা উল্লেখ রয়েছে। তার মতে, সবকিছু বিবেচনায় ভারতের পক্ষে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা সম্ভব নাও হতে পারে।

তবে তিনি এ কথাও উল্লেখ করেন, শেখ হাসিনা নিজেই এখন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।

সব মিলিয়ে হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি শুধু বাংলাদেশের অনুরোধের ওপর নির্ভর করছে না। প্রত্যর্পণ চুক্তির সংশ্লিষ্ট ধারা, অভিযোগের প্রকৃতি, রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম এবং প্রত্যর্পণ প্রত্যাখ্যানের আইনি সুযোগ-সবকিছু বিবেচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা