টানটান উত্তেজনার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। ৩৩৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষ বলে চার মেরে দলকে অবিস্মরণীয় জয় এনে দেন মুহিত। এই জয়ে যুব এশিয়া কাপের ইতিহাসে রেকর্ড নবমবারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক ফারহান। উদ্বোধনী জুটিতে ৬২ রান তুলে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার উসমান খান ও হাইয়াম। প্রথম উইকেট পতনের পর দ্বিতীয় উইকেটে আব্দুল কাদিরকে সঙ্গে নিয়ে ১৩৫ রানের বড় জুটি গড়েন উসমান। এর মধ্যেই তুলে নেন দারুণ এক সেঞ্চুরি।
ব্যক্তিগত ৮০ রানে কাদির বিদায় নিলে ভাঙে এই জুটি। তবে এক প্রান্ত আগলে রেখে ১১১ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১০৭ রানের ঝলমলে ইনিংস খেলেন উসমান। শেষ দিকে অধিনায়ক ফারহানের ৬৩ রানের সুবাদে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন পরেশ প্যাটেল।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকেও উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার আর্যবীর শেবাগ ও অধিনায়ক রাইচান্দানি। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৯৫ রান। আর্যবীর ৫৮ রান করে ফিরলেও রাইচান্দানি খেলেন ৮০ রানের দায়িত্বশীল ইনিংস।
তবে টপ অর্ডারের এমন দারুণ শুরুর পরও মাঝপথে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। পাকিস্তানি বোলার রিজওয়ানুল্লাহর তোপে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা।
শেষ দিকে চৌহানের ৪৭ রানের লড়াকু ইনিংসে ম্যাচে টিকে থাকে ভারত। তিনি আউট হলে ম্যাচ আবারও পাকিস্তানের দিকে হেলে পড়ে। তবে শেষ পর্যন্ত সব নাটকীয়তার অবসান ঘটান মুহিত। ২৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত থাকা এই ব্যাটার ইনিংসের শেষ বলে চার মেরে ভারতের শিরোপা নিশ্চিত করেন।

